Image description

ক্যারিয়ার ও আর্থিক স্বাধীনতাকে প্রাধান্য দিতে গিয়ে বিয়ে, মাতৃত্ব ও পারিবারিক জীবনকে অবহেলা করতে শিখেছে তার প্রজন্মের নারীরা—এমন মন্তব্য করেছেন ব্রিটিশ লেখিকা ও কলামিস্ট পেট্রোনেলা ওয়াট। তার দাবি, নারীবাদের প্রচলিত কিছু ধারণা নারীদের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা থেকে দূরে সরিয়ে দিয়েছে। তবে তার এ বক্তব্য নিয়ে ব্রিটিশ গণমাধ্যমে শুরু হয়েছে পাল্টাপাল্টি বিতর্ক।

নারীর অধিকার, স্বাধীনতা ও কর্মক্ষেত্রে সমান সুযোগ প্রতিষ্ঠায় নারীবাদী আন্দোলনের দীর্ঘ ইতিহাস রয়েছে।

তবে এ আন্দোলনের কিছু প্রচলিত ধারণা নারীদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে প্রত্যাশিত ফল বয়ে আনতে পারেনি বলে মনে করেন পেট্রোনেলা ওয়াট।

পঞ্চাশের কোঠায় থাকা এই লেখিকা নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেছেন, নারীবাদ তাকে হতাশ করেছে, একইভাবে হতাশ করেছে তার পুরো প্রজন্মকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত তার নিবন্ধের শিরোনাম ছিল ‘ফেমিনিজম হ্যাজ লেফট মিডল-এজড উইমেন লাইক মি সিঙ্গেল, চাইল্ডলেস অ্যান্ড ডিপ্রেসড’। অর্থাৎ নারীবাদ তার মতো মধ্যবয়সি নারীদের অবিবাহিত, সন্তানহীন ও হতাশ অবস্থায় রেখে গেছে।

নিবন্ধে নিজের পাশাপাশি সমবয়সি কয়েকজন নারী বন্ধুর অভিজ্ঞতাও তুলে ধরেছেন তিনি।

ওয়াট জানান, প্রতি সোমবার লন্ডনের একটি রেস্তোরাঁয় কয়েকজন নারী বন্ধুর সঙ্গে তার দেখা হয়। তাদের সবাই প্রায় পঞ্চাশ বছর বয়সি, উচ্চশিক্ষিত এবং পেশাগতভাবে প্রতিষ্ঠিত। কিন্তু তাদের ব্যক্তিগত জীবনের একটি অভিন্ন বাস্তবতা হলো, কেউ বিবাহিত নন, কারও সন্তান নেই।

তার মতে, পেশাগত সাফল্য ও শিক্ষাগত যোগ্যতা অর্জন করলেও তাদের অনেকের মধ্যে একধরনের শূন্যতা কাজ করে। জীবনের এ পর্যায়ে এসে তারা উপলব্ধি করছেন, কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ভালোবাসার সম্পর্ক ও পরিবার গড়ে তোলার বিষয়টিও গুরুত্বপূর্ণ ছিল।

বিয়েকে লজ্জার বিষয় হিসেবে দেখার শিক্ষা

নিজের শৈশব ও বেড়ে ওঠার অভিজ্ঞতা তুলে ধরে ওয়াট লিখেছেন, কৈশোর থেকেই তিনি নারীবাদী চিন্তাধারার সঙ্গে পরিচিত হন। তার এক খালা নারীর অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। মাত্র ১৩ বছর বয়সে উপহার হিসেবে তিনি পেয়েছিলেন নারীবাদী চিন্তাবিদ গ্লোরিয়া স্টেইনেম ও সিমোন দ্য বোভোয়ারের বই।

তার অভিযোগ, সে সময়ের নারীবাদী চিন্তাধারায় নারীদের পুরুষের মতো আচরণ করতে এবং বিয়ে ও প্রচলিত পারিবারিক জীবনকে কম গুরুত্বপূর্ণ ভাবতে উৎসাহিত করা হতো।

লেখিকার দাবি, স্কুলজীবনেও এর প্রভাব পড়েছিল। বিয়ের প্রতি আগ্রহ প্রকাশ করাকে অনেক সময় নেতিবাচকভাবে দেখা হতো। তার এক বান্ধবী বিয়ের পোশাকের একটি সাময়িকী দেখায় শিক্ষকের বিদ্রূপের শিকার হয়েছিলেন। ওই শিক্ষকের ধারণা ছিল, শিক্ষিত নারীদের বিয়ে কিংবা সংসারের পরিবর্তে বুদ্ধিবৃত্তিক কাজে মনোযোগী হওয়া উচিত।

ওয়াটের ভাষ্য, তাদের প্রজন্মের অনেক নারীকে এমনভাবে গড়ে তোলা হয়েছিল, যেন সংসার ও মাতৃত্ব নারীর স্বাধীনতা এবং পেশাগত সাফল্যের পথে বাধা।

পুরুষদের প্রতি নেতিবাচক মনোভাবের প্রভাব

নিজের এক বান্ধবীর অভিজ্ঞতা তুলে ধরে ওয়াট লিখেছেন, নারীবাদী শিক্ষার প্রভাবে ওই নারী প্রচলিত নারীসত্তাকে পুরুষের তৈরি নিয়ন্ত্রণমূলক ধারণা হিসেবে দেখতে শুরু করেছিলেন। এর ফলে পুরুষদের প্রতি তার মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়। একপর্যায়ে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও তিনি দূরত্ব বজায় রাখতে থাকেন।

ওয়াটের ভাষ্য অনুযায়ী, ওই বান্ধবী এখন উপলব্ধি করছেন, পুরুষের সঙ্গে সম্পর্ক কিংবা প্রচলিত নারীত্বের প্রকাশ মানেই নিজের স্বাধীনতা বিসর্জন দেওয়া নয়।

ওয়াট মনে করেন, মানুষের জীবনে ভালোবাসা, সঙ্গ ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব অনেক বেশি। পেশাগত সাফল্য কিংবা আর্থিক স্বাধীনতা একাকিত্ব দূর করতে পারে না। বিশেষ করে মধ্যবয়সে এসে অনেক নারী আবেগীয় সম্পর্ক ও পরিবারের অভাব অনুভব করেন।

তিনি আরও লিখেছেন, তার পরিচিত কয়েকজন নারী কর্মজীবনে প্রত্যাশিত সাফল্য পাননি। একক আয়ে জীবন চালানোও তাদের জন্য কঠিন হয়ে উঠেছে। ফলে আর্থিক স্বাধীনতাকে জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখার ধারণা বাস্তবে সবার জন্য সমান স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পারেনি।

ক্যারিয়ার ও পরিবারকে মুখোমুখি দাঁড় করানোর বিরোধিতা

ওয়াটের লেখার অন্যতম প্রধান বক্তব্য হলো, নারীদের সামনে ক্যারিয়ার ও পরিবারকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো উচিত নয়। একজন নারী উচ্চশিক্ষিত ও পেশাগতভাবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি বিয়ে ও সন্তান নিয়ে সুন্দর পারিবারিক জীবনও গড়ে তুলতে পারেন।

তার মতে, নারীর স্বাধীনতার অর্থ পুরুষ কিংবা পরিবারকে অপ্রয়োজনীয় মনে করা নয়। বরং ব্যক্তিগত পছন্দ অনুযায়ী জীবন গড়ার সুযোগ থাকাই প্রকৃত স্বাধীনতার অংশ।

লেখায় তিনি ২০ বছর বয়সি এক শিক্ষার্থীর সঙ্গে সাম্প্রতিক কথোপকথনের কথাও উল্লেখ করেছেন। ওই তরুণী কিছুদিন তার বাসায় ছিলেন। ওয়াটের দাবি, ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে তিনি বুঝতে পেরেছেন, নতুন প্রজন্মের কিছু নারী বিয়ে ও মাতৃত্বকে আগের মতো নেতিবাচকভাবে দেখছেন না। নারীর অধিকারে বিশ্বাস করলেও তারা আগের প্রজন্মের কঠোর বা পুরুষবিরোধী নারীবাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত নন।

ওয়াট স্বীকার করেছেন, অতীতে নারীদের অধিকার প্রতিষ্ঠায় নারীবাদী আন্দোলনের প্রয়োজনীয়তা ছিল। একসময় নারীরা বাবা কিংবা স্বামীর ওপর নির্ভরশীল থাকতেন। নিজেদের পছন্দমতো জীবন গড়ার সুযোগও ছিল সীমিত। তবে বর্তমান সময়ে নারীরা অনেক বেশি সুযোগ ও স্বাধীনতা পেয়েছেন। তাই নারীবাদের কিছু পুরোনো ধারণা নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

পরিসংখ্যানেও সন্তানহীনতার প্রবণতা

যুক্তরাজ্যের সরকারি পরিসংখ্যানেও বিভিন্ন প্রজন্মের নারীদের সন্তান নেওয়ার প্রবণতায় পরিবর্তনের চিত্র পাওয়া যায়।

দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তরের (ওএনএস) ২০১৬ সালের এক প্রতিবেদনে বলা হয়, ১৯৭০ সালে জন্ম নেওয়া নারীদের প্রায় ১৭ শতাংশ সন্তানহীন ছিলেন। তাদের আগের প্রজন্ম, অর্থাৎ ১৯৪৩ সালে জন্ম নেওয়া নারীদের মধ্যে এ হার ছিল ১২ শতাংশ।

২০১৯ সালে প্রকাশিত ওএনএসের আরেক প্রতিবেদনে দেখা যায়, ১৯৮৯ সালে জন্ম নেওয়া নারীদের প্রায় ৪৯ শতাংশ ৩০ বছর বয়স পর্যন্ত সন্তান জন্ম দেননি। তাদের মায়েদের প্রজন্মের ক্ষেত্রে এ হার ছিল ৩৮ শতাংশ।

তবে এসব পরিসংখ্যানের অর্থ এই নয় যে নারীবাদই বিয়ে না করা কিংবা সন্তানহীনতার একমাত্র কারণ। শিক্ষা, কর্মজীবন, আর্থিক পরিস্থিতি, সন্তান পালনের ব্যয়, বিয়ের প্রবণতা এবং ব্যক্তিগত পছন্দসহ নানা বিষয় এর সঙ্গে জড়িত।

ওয়াটের বক্তব্যের বিরোধিতাও রয়েছে

পেট্রোনেলা ওয়াটের মন্তব্য প্রকাশের পর ব্রিটিশ গণমাধ্যমে এ নিয়ে পাল্টা আলোচনা শুরু হয়েছে। ডেইলি মেইলে প্রকাশিত আরেক নিবন্ধে লেখিকা ম্যান্ডি অ্যাপলইয়ার্ড তার বক্তব্যের সমালোচনা করেছেন।

নিজের অবিবাহিত ও সন্তানহীন জীবনের অভিজ্ঞতা তুলে ধরে অ্যাপলইয়ার্ড বলেন, ব্যক্তিগত জীবনের হতাশার দায় নারীবাদের ওপর চাপানো যুক্তিসংগত নয়। তার মতে, নারীবাদের মূল উদ্দেশ্য নারী ও পুরুষের সমান অধিকার এবং সুযোগ নিশ্চিত করা। এ আন্দোলন নারীদের জন্য এমন অনেক পথ খুলে দিয়েছে, যা আগের প্রজন্মের নারীদের কাছে সহজলভ্য ছিল না।

ফলে বিতর্কটি শুধু নারীবাদ ভালো না মন্দ, সেই প্রশ্নে সীমাবদ্ধ নেই। বরং নারীর স্বাধীনতা, পেশাগত সাফল্য, বিয়ে, মাতৃত্ব ও ব্যক্তিগত পরিতৃপ্তির মধ্যে কীভাবে ভারসাম্য তৈরি করা যায়, সেটিই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

পেট্রোনেলা ওয়াটের বক্তব্য মূলত তার নিজের প্রজন্মের কিছু নারীর অপূর্ণতা ও আক্ষেপের প্রতিফলন। তার অভিজ্ঞতার সঙ্গে সবাই একমত না হলেও নারীর অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি পরিবার, ভালোবাসা ও ব্যক্তিগত জীবনের আকাঙ্ক্ষাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত, সে প্রশ্নটি নতুন করে সামনে এসেছে। সূত্র: ইয়াহু নিউজ ও ডেইলি মেইল

শীর্ষনিউজ