ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন কোনো নারী। ১০৫ বছরের ইতিহাসে এই প্রথম এ পদে জয় পেয়েছেন নাশরা নাইম। একই নির্বাচনে ১৩টি পদের মধ্যে ছয়টিতে জয় পেয়েছেন নারী প্রার্থীরা।
শুক্রবার (৬ নভেম্বর) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
এতে ভিপি পদে নাশরা নাইম ৭ হাজার ৯১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫ হাজার ৮১৮ ভোট।
এবারের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১০টি সদস্য পদের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছেন নারী প্রার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নারীদের প্রতিনিধিত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে।নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন মোহাম্মদ নোমান আশরাফ। তিনি ৪ হাজার ১০০টির বেশি ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হামদান।
এএমইউ ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয় কোর্ট নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক জাভেদ তালিব এবং উইমেনস কলেজ ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক নাজিয়া হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।শিক্ষার্থীদের টানা তিন বছরের আন্দোলনের পর দীর্ঘ আট বছর বিরতি দিয়ে অনুষ্ঠিত হলো এবারের ছাত্র সংসদ নির্বাচন। এ কারণে নির্বাচনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বিশেষ গুরুত্ব পেয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষকের মতে, এবারের নির্বাচনে নতুন প্রজন্মের আন্দোলনের প্রভাব দেখা গেছে। আগের নির্বাচনগুলোর মতো শুধু ক্যাম্পাসকেন্দ্রিক সমস্যা নয়, দেশের সামগ্রিক রাজনীতি এবং মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন বিষয়ও প্রচারণায় গুরুত্ব পেয়েছে।
এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন। তিনি এটিকে প্রতিষ্ঠানের গণতান্ত্রিক ঐতিহ্যের বিজয় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে নির্বাচনে নারীদের সক্রিয় অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধিকে স্বাগত জানান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনী প্রচারণা ও ভোটগ্রহণকে কেন্দ্র করে কোথাও সহিংসতার ঘটনা ঘটেনি।
শীর্ষনিউজ