গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে। ঘটনার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, প্রকাশ্য রাস্তায় মাত্র ২২ সেকেন্ডের মধ্যে পাঁচটি গুলি ছোড়েন অভিযুক্ত ব্যাক্তি।
শুক্রবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তের নাম শুক্লা। ভিডিওতে তাকে গুলি ছোড়ার পর চিৎকার করে বলতে শোনা যায়, ‘ওরা আমাকে ইট দিয়ে মেরেছে, তাই আমি গুলি করেছি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কাছ থেকে হামলায় ব্যবহৃত পিস্তল এবং চারটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকেই তাকে আটক করে পরে গ্রেপ্তার করা হয়।
এর আগে পুলিশের অভিযোগ, গত ২৬ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্ণৌর সাদাতগঞ্জ এলাকায় একটি খালি জায়গায় গাড়ি পার্কিং নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ৩০ বছর বয়সী শুক্লা গুলি চালান।
নিহত শিবেন্দ্র তিওয়ারির স্ত্রী রুচি তিওয়ারির অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় আটজনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা ও দাঙ্গার অভিযোগ আনা হয়েছে।
ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে উত্তর প্রদেশের লক্ষ্ণৌর সাদাতগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার আর্য এবং কাশ্মীরি মহল্লা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার চৌরাসিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়। লক্ষ্ণৌ পুলিশ জানিয়েছে, ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ কমিশনার তরুণ গৌবা এ ব্যবস্থা নিয়েছেন।