সামাজিক মাধ্যমে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের দেওয়া নতুন এক পোস্ট নিয়ে শুরু হয়েছে আলোচনা। শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ইঙ্গিতবাহী চার লাইনের ছড়া পোস্ট করেছেন তিনি। আর তা সামনে আসতেই রাজনৈতিক ও বিনোদন মহলে শুরু হয়েছে জল্পনা।
নিজের গোপন এক্স-হ্যান্ডেলে অরিজিৎ লেখেন, ‘হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনে কি পারি? গেরুয়ার ভয়ে করি গেরুয়ার জয়গান, গেরুয়াময় হয়েছে আমার প্রাণ।’
অরিজিৎ সিং সাধারণ জীবনযাপন এবং তার গায়েকীর জন্য পরিচিত। অরিজিৎ সিং নিজের শর্তে বাঁচেন, মত প্রকাশ করেন। তবে পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফল প্রকাশের দিনে এই ‘গেরুয়া’ শব্দটি বারবার ব্যবহার করে তার এই বার্তা প্রকাশ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির ওপর কোনো প্রচ্ছন্ন কটাক্ষ কি না, তা নিয়ে চলছে আলোচনা।
অনেকের মতে, তিনি হয়তো বর্তমান রাজনৈতিক আবহ ও পশ্চিমবঙ্গে বিজেপির এই উত্থান নিয়ে একধরনের আত্মব্যঙ্গ বা তির্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন। আবার কেউ কেউ মনে করছেন, রাজনীতির তোয়াক্কা না করে সংগীতশিল্পী তার নিজস্ব কাব্যিক শৈলীতে মনের ভাব প্রকাশ করেছেন মাত্র।
এর আগে আরজি কর আন্দোলনের সময়ে, অরিজিৎ সিংয়ের ‘আর কবে’ গান নাগরিক আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছিল। পরবর্তীতে নিট আন্দোলন নিয়ে মোদি সরকারের সমালোচনা করেন অরিজিৎ। তিনি নির্ভীক তার প্রমাণ দিয়েছেন বহুবার।
এই পোস্ট নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হলেও গায়ক নিজে এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে অরিজিতের এই পোস্ট প্রকাশের পরপরই সমাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস