দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ শুরুর আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ।
শনিবার সকালে হরিয়ানার গুরুগ্রামে তাঁর পারিবারিক বাসা থেকে তাঁকে আটক করা হয় বলে পুলিশের সূত্র জানিয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, গুরুগ্রামের সেক্টর ৫৬-এর সেন্ট্রাল পার্ক বিহারে ধ্রুব রাঠির পরিবারের বাসা। শনিবার সকাল ৭টা ৪৮ মিনিটে তাঁর বাসায় প্রবেশ করেন দিল্লি পুলিশের সদস্যরা। এ সময় দরজা খুলে দেন তাঁর মা। এর আগে শুক্রবার গভীর রাতে বাসাটির বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্য জড়ো হয়েছিলেন বলে জানা গেছে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সিজেপির পরিকল্পিত বিক্ষোভে যোগ দিতে ধ্রুব রাঠি দিল্লিতে এসেছিলেন বলে সূত্রের দাবি। শনিবার রাজধানীর যন্তর মন্তরে এই কর্মসূচি পালনের কথা ছিল।
তবে ধ্রুব রাঠিকে আটকের বিষয়ে দিল্লি পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেছে কি না, তা জানা যায়নি।