Image description
পবিত্র কাবা শরিফে এক ব্যক্তির সঙ্গে নিরাপত্তাবাহিনীর সদস্যদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কাঁধে কালো ব্যাগ থাকা ওই ব্যক্তিকে জাপটে ধরে মাটিতে শুইয়ে চেপে ধরছেন রক্ষীরা। এ ভিডিওর জেরে সামাজিকমাধ্যমসহ কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় কাবায় আত্মঘাতী বোমা হামলার চেষ্টা হয়েছে। তবে এটি মিথ্যা খবর বলে জানিয়েছে সৌদি আরব। 
 
সৌদির জননিরাপত্তা বিভাগ শুক্রবার (২ অক্টোবর) এক্সে এক পোস্টে বলেছে, ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে কারণ তিনি সাধারণ মানুষকে হেনস্তা ও তাদের মধ্যে আতঙ্ক তৈরি করছিলেন।

 
আত্মঘাতী বোমা হামলার গুঞ্জন নিয়ে নিরাপত্তা বিভাগ বলেছে, নিরাপত্তা কর্তৃপক্ষ নিশ্চিত করছে যে গুঞ্জন ছড়ানো হচ্ছে সেটির কোনো সত্যতা নেই। 
 
ওই ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। 
 
রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে বলেছিল, এক আত্মঘাতী বোমা হামলাকারী কাবার ভেতর একটি বোমার বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেন। কিন্তু বোমাটি বিস্ফোরিত হয়নি।
 
ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান হলো কাবা। এটি মুসলিমদের কিবলা।