Image description

ভারত-পাকিস্তান সীমান্তের পাঞ্জাব অংশ পেরিয়ে ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে দুজন নিহত হয়েছেন। নিহতরা পাকিস্তানি নাগরিক বলে দাবি করেছে ভারত। শুক্রবার (২ অক্টোবর) রাজ্যের তার্ন তারান জেলার রাজোক গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে।

 

বিএসএফ সূত্রে জানা গেছে সীমান্তর ওপার থেকে ওই দুই ব্যক্তি ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। বিষয়টি নজরে আসার পর সীমান্তরক্ষী (বিএসএফ) জওয়ানরা তাদের থামার জন্য সতর্ক করেন। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করে তারা ভারতীয় ভূখণ্ডের দিকে এগিয়ে আসতে থাকে বলে অভিযোগ।

 

কর্মকর্তাদের দাবি, ওই দুই ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ করে সতর্কবার্তা দেওয়া হলেও তারা তা উপেক্ষা করে অনুপ্রবেশের চেষ্টা করে। পরে বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। গুলিতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। উভয়ই পাকিস্তানি নাগরিক বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বিএসএফ কর্মকর্তারা।

 

 

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, ঘটনার পরে ওই সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। নিহতদের পরিচয় ও তারা কী কারণে সীমান্ত পেরোনোর চেষ্টা করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের মরদেহ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

 

পাকিস্তানের সঙ্গে ভারতের পাঞ্জাব রাজ্যের ৫৫৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। গত কয়েক মাসে এই আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশের একাধিক ঘটনা সামনে এসেছে। সন্দেহভাজন অনুপ্রবেশকারীরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছে।

 

তাদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে বিএসএফ। পাঞ্জাব সীমান্তে দীর্ঘদিন ধরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাসহ মাদক পাচারকারী চক্র সক্রিয় বলে দাবি করে আসছে রাজ্য কর্তৃপক্ষ।