Image description

চীনের পূর্বাঞ্চলীয় একটি শহরে টাইফুনের প্রভাবে ভারী বৃষ্টির পর বাঁধ ভেঙে শতাধিক বাড়ি ধসে পড়েছে। এতে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

 

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ফুজিয়ান প্রদেশের পুতিয়ান শহরের চেংশিয়াং জেলার হুয়াটিং শহরে টানা ভারী বৃষ্টির পর বৃহস্পতিবার একটি বাঁধ ভেঙে যায়। এতে বেশ কয়েকজন বাসিন্দা আটকা পড়েন।

 

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সিনহুয়া জানায়, এখনও কয়েকজন বাসিন্দার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে নিখোঁজের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। শহরটিতে ১০০টির বেশি বাড়ি ধসে পড়েছে।

 

এদিকে চেংশিয়াং জেলায় ১ হাজার ২৬১ জনকে ৩০টি দুর্যোগ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার টাইফুন সাউডেল উপকূলে আঘাত হানার পরও পুতিয়ানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

 

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী চার দিন আরও ভারী বৃষ্টিপাত হতে পারে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুতিয়ান কর্তৃপক্ষ জরুরি সাড়াদান ব্যবস্থা সর্বোচ্চ ‘লেভেল-১’-এ উন্নীত করেছে।

 

সূত্র: আনাদোলু এজেন্সি