Image description

জিপিএস বা ইনর্শিয়াল নেভিগেশন সিস্টেম ব্যবহার না করেই ইরানি পাইলটরা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্র-পরিচালিত সামরিক ঘাঁটিগুলোতে অভিযান পরিচালনা করেছেন। ইরানের বিমানবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ দাবি করেছেন। খবর প্রেসটিভির।

বৃহস্পতিবার ইরানের বিমানবাহিনীর উপ-সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মাসউদ জাফারি বলেন, গত ২ মার্চ কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি এবং একই দিনে কুয়েতের যুক্তরাষ্ট্র-পরিচালিত আল-আদিরি ঘাঁটিতে চালানো অভিযানে ইরানি পাইলটরা প্রচলিত স্যাটেলাইটভিত্তিক নেভিগেশন ব্যবস্থা ব্যবহার করেননি।

তার দাবি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে কাজ করতে করতে ইরানের পাইলটরা মানচিত্র ও মৌলিক নেভিগেশন কৌশলের ওপর নির্ভর করে উড্ডয়ন ও অভিযান পরিচালনায় দক্ষ হয়ে উঠেছেন। এ ছাড়া অভিযানের সময় তারা কোনো ধরনের রেডিও বা ইলেকট্রনিক সংকেতও ব্যবহার করেননি।

জাফারি আরও দাবি করেন, কুয়েতে হামলার সময় যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় চলে যায় এবং সেই পরিস্থিতিতে ‘ফ্রেন্ডলি ফায়ারে’ কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে যুক্তরাষ্ট্রের তিনটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়।

তিনি জানান, শিরাজের শহীদ দৌরান বিমানঘাঁটি থেকে চারজন পাইলট সু-২৪ যুদ্ধবিমান নিয়ে আল-উদেইদ ঘাঁটির অভিযানে অংশ নেন। তাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমির মরদেহ সম্প্রতি দেশে ফিরেছে, তবে বাকি তিন পাইলটের ভাগ্য সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।

 
কালবেলা