ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেয়েদের আবাসিক ‘জুলাই ৩৬’ হলের এক ছাত্রীর বিরুদ্ধে গোপনে একাধিক ছাত্রীর ছবি তুলে লন্ডন প্রবাসী বয়ফ্রেন্ডকে পাঠানোর ঘটনায় অভিযুক্ত ছাত্রীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন।
শুক্রবার (৭ আগস্ট) জুলাই ৩৬ হল প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম শামছুল হক ছিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া তদন্তের স্বার্থে অভিযুক্তের ব্যক্তিগত ব্যবহৃত ২ টি ফোন তদন্ত কমিটি নিয়ন্ত্রণে নিয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে আছেন অধ্যাপক ড. আরিফা আক্তার এবং সদস্য হিসেবে আছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহা: খাইরুল ইসলাম ও অধ্যাপক ড. মুহা: কামরুজ্জামান।
এ বিষয়ে জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী বলেন, গতকাল রাতভর ঘটনার ব্যাপারে শুনেছি এবং শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে হল প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং অভিযুক্ত ছাত্রীকে সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।