Image description

ভারতের নয়াদিল্লি ও কলকাতার বাংলাদেশ মিশনগুলোতে নতুন দুই কূটনীতিক নিয়োগ নিয়ে বিতর্কের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যৌথভাবে দ্বিপক্ষীয় কাজ এগিয়ে নিতে তারা পুরোপুরি প্রস্তুত। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অতীত সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি ভারত সরকার।

শুক্রবার (২৪ জুলাই) মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।

নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন ও কলকাতার উপ-হাইকমিশনে সংবাদ ও গণমাধ্যম শাখায় প্রেস কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া দুই সাংবাদিকের পুরোনো কিছু সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে ভারতীয় গণমাধ্যমে সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, তারা অতীতে ভারতবিরোধী কঠোর মনোভাব ব্যক্ত করেছিলেন।

ভারতের গণমাধ্যমগুলোর দাবি, ওই সাংবাদিকদের নিয়োগের প্রতিক্রিয়া হিসেবে দুই দেশের কূটনৈতিক মহলে নানামুখী প্রশ্নের সৃষ্টি হয়েছে। এমনকি নিয়োগের বার্তা প্রকাশ্যে আসার পর তাদের পুরোনো কয়েকটি পোস্ট মুছে ফেলা হয়েছে বলেও একাধিক পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিতর্কিত এ প্রসঙ্গ তুলে সংবাদ সম্মেলনে ভারতীয় প্রতিনিধিকে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল সরাসরি প্রতিক্রিয়া করা এড়িয়ে যান। তিনি বলেন, দুইজন কর্মকর্তার নিয়োগের বিষয়ে আমরা অবগত হয়েছি। বাংলাদেশের সঙ্গে ভারতের বিদ্যমান সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে আমরা নতুন কর্মকর্তাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।

 

ব্রিফিংয়ে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে আয়োজিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণে পাঠিয়েছেন—এমন গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করেননি। তিনি জানান, বিষয়টি নিয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

এছাড়া ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত শিগগিরই ঢাকা সফরে আসছেন। তিনি কি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে জানিয়েছেন? তার সফরের উদ্দেশ্য কী হবে, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত রয়েছে কিনা?

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সফর প্রসঙ্গে আমাদের কাছে কোনো তথ্য নেই।

সূত্র: টিবিএস