যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম। সোমবার (২০ জুলাই) বাকিংহাম প্যালেসে রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে সাক্ষাতের পর তিনি এই দায়িত্ব নেন। বাকিংহাম প্যালেস থেকে জারি করা এক আনুষ্ঠানিক বিবৃতির বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাকিংহাম প্যালেসের বিবৃতিতে জানানো হয়, রাজা রাইট অনারেবল অ্যান্ড্রু বার্নহাম এমপিকে রাজকীয় সাক্ষাৎ দিয়েছেন এবং তাকে নতুন সরকার গঠনের অনুরোধ জানিয়েছেন। অ্যান্ডি বার্নহাম রাজার সেই প্রস্তাব গ্রহণ করেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী এবং ট্রেজারির ফার্স্ট লর্ড হিসেবে নিযুক্ত হন।
যুক্তরাজ্যের প্রধনমন্ত্রীর ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটি ‘কিসড হ্যান্ডস’ বা হাত চুম্বন হিসেবে পরিচিত। তবে এখন এই প্রক্রিয়ায় আক্ষরিক অর্থে কোনো হাত চুম্বন করা হয় না। এই অনুষ্ঠানে বার্নহামের স্ত্রী মারি-ফ্রান্স ভ্যান হিল-কেও রাজা সাক্ষাৎ দিয়েছেন।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রটোকল বা নিয়ম অনুসরণ করে প্রধানমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন স্যার কিয়ের স্টারমার। স্থানীয় সময় সোমবার বেলা ১১টা ২৪ মিনিটে সপরিবারে বাকিংহাম প্যালেসে পৌঁছান। সেখানে রাজার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে ৩০ মিনিট পর প্রাসাদ এলাকা ত্যাগ করেন।
এর ঠিক পরপর দুপুর ১২টা ৫ মিনিটে স্যুট ও টাই পরিহিত অ্যান্ডি বার্নহাম নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে বাকিংহাম প্যালেসে এসে পৌঁছান।