Image description

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তার বৈঠক ঘিরে রাজনৈতিক জল্পনা তীব্র হয়েছে। একই সময়ে আন্দোলনকারী সংগঠন ‘ককরোচ আন্দোলন’ দাবি করেছে, তাদের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে পুলিশ তুলে নিয়ে গেছে। ফলে সোমবার দিনভর দিল্লির রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সোমবার সংসদ অভিযান কর্মসূচি ঘিরে হাজারো আন্দোলনকারী সংসদ ভবনের দিকে পদযাত্রার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। আন্দোলনকারীদের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে জল্পনার মধ্যেই এই বৈঠক রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে ‘ককরোচ আন্দোলন’ অভিযোগ করেছে, তাদের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে পুলিশ তুলে নিয়ে গেছে। যদিও এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আন্দোলনকারীদের দাবি, তাদের নেতৃত্বকে দমন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে আন্দোলনের দুই নেতা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডার সঙ্গে প্রায় ১০ মিনিট বৈঠক করেন। বৈঠক শেষে আন্দোলনের প্রধান মুখপাত্র সৌরভ দাস এক্সে জানান, তারা একটি লিখিত স্মারকলিপি জমা দিয়েছেন। নাড্ডা বিষয়টি অভ্যন্তরীণভাবে আলোচনা করার আশ্বাস দিয়েছেন বলেও তিনি দাবি করেন।

নীটসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগও দাবি করছেন। একই সঙ্গে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুক সোমবার তার অনশন শেষ করার ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।