Image description

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের তীব্রতা বাড়ার সাথে সাথে মার্কিন সেনাবাহিনীতে প্রাণহানির সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। সাময়িক যুদ্ধবিরতি ভেঙ্গে নতুন করে সংঘাত শুরু হবার পর এ নিয়ে নিহত মার্কিন সেনার সংখ্যা দাঁড়ালো তিনে। ইরাকের উত্তরাঞ্চলে ভূপাতিত একটি ইরানি ড্রোন অকেজো করার সময় ঘটা বিস্ফোরণে এক মার্কিন সেনা সদস্য নিহত হন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। 

এর আগে জর্ডানের সামরিক ঘাঁটিতে চালানো ইরানি হামলায় দুজন মার্কিন সৈন্য নিহত হন এবং একজন নিখোঁজ হন। জর্ডানের ওই ঘাঁটিতে পরবর্তীতে অজ্ঞাত পরিচয়ের কিছু প্রাণহীন দেহাবশেষ পাওয়ার কথা জানিয়েছে সেন্টকম। দেহাবশেষগুলো শনাক্তকরণের প্রক্রিয়া চলছে।

গত ফেব্রুয়ারির শেষদিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ১৭ জন মার্কিন সৈন্য নিহত এবং ৪২০ জনেরও বেশি আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিহত সেনাসদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।