ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলি আকবর বেলায়াতি বলেছেন, বিশ্বের কোনো শক্তিই হরমুজ প্রণালির ওপর থেকে তেহরানের মালিকানা কেড়ে নিতে পারবে না। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেন, হরমুজ প্রণালি ইরানেরই অংশ।
এই সাবেক শীর্ষ কূটনীতিক আরো বলেন, ‘সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সাহসী ও বিচক্ষণ নির্দেশে এই প্রণালি ইরানের নিয়ন্ত্রণে এসেছে। ৪০ দিনের যুদ্ধে এটি একটি মূল্যবান অর্জন।’
যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা চালাচ্ছে। তাদের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য ইরান যাতে আর হুমকি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যেই এই হামলা চালানো হচ্ছে। এর আগে ইরান ওই গুরুত্বপূর্ণ নৌপথের বিকল্প রুট ব্যবহার করা কিছু তেলবাহী জাহাজে হামলা চালিয়েছিল।
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে ইরান, যার মধ্যে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন স্থাপনাও রয়েছে।
সূত্র: আলজাজিরা