Image description

কোমলমতি শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সভিত্তিক বিধিনিষেধ আরোপের পথে হাঁটছে বিশ্বের বিভিন্ন দেশ। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ বিষয়ে বড় ধরনের সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। জানা গেছে, সোমবার (১৩ জুলাই) ইইউর ২৭ সদস্য দেশের শিশুদের জন্য সম্ভাব্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি ইউরোপীয় কমিশনের কাছে সুপারিশ জমা দেবে।

ইতোমধ্যে অস্ট্রেলিয়া ২০২৫ সালের ডিসেম্বর থেকে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে। একই পথে হেঁটেছে ব্রাজিলও। দেশটি চলতি বছরের মার্চে এমন আইন কার্যকর করেছে, যেখানে ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট অভিভাবকের অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত রাখা এবং বয়স যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।

শিশুদের অনলাইন কার্যক্রম নিয়ন্ত্রণে চীন অনেক আগে থেকেই কঠোর অবস্থানে রয়েছে। ২০১৯ সাল থেকে দেশটিতে অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে একাধিক বিধিনিষেধ চালু রয়েছে। ২০২৩ সালে সেই নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করা হয়।

এদিকে ইন্দোনেশিয়া গত মার্চ থেকে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে। মালয়েশিয়াও জুন মাস থেকে একই ধরনের আইন কার্যকর করেছে। তুরস্ক ১৫ বছরের কম বয়সীদের জন্য নিষেধাজ্ঞা সংক্রান্ত আইন পাস করেছে, যা চলতি বছরের শেষ দিকে কার্যকর হওয়ার কথা। সংযুক্ত আরব আমিরাতও ১৫ বছরের কম বয়সীদের জন্য একই ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

ইউরোপের বিভিন্ন দেশেও এ বিষয়ে উদ্যোগ জোরদার হয়েছে। গ্রিস ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে। অস্ট্রিয়া ও স্লোভেনিয়াও যথাক্রমে ১৪ ও ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য বিধিনিষেধ আরোপের প্রস্তুতি নিচ্ছে।

জার্মানিতে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা চলছে। দেশটির একটি বিশেষজ্ঞ কমিশন বয়সভিত্তিক ধাপে ধাপে নিষেধাজ্ঞা অথবা প্ল্যাটফর্মভিত্তিক কঠোর নীতিমালার দুটি প্রস্তাব দিয়েছে।

অন্যদিকে সুইডেনের একটি সরকারি কমিশন ২০২৮ সালের শুরু থেকে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সুপারিশ করেছে। ডেনমার্কও একই বয়সসীমার শিশুদের জন্য কয়েকটি জনপ্রিয় প্ল্যাটফর্মে প্রবেশ সীমিত করার পরিকল্পনা করছে। নরওয়ে ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষেধাজ্ঞার বিল আনার প্রস্তুতি নিচ্ছে।

যুক্তরাজ্য ২০২৭ সালের শুরু থেকে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে। কানাডাও ন্যূনতম বয়সসীমা ১৬ বছর নির্ধারণের পরিকল্পনা করছে। ভারতের কয়েকটি রাজ্যেও শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ নিয়ে আলোচনা চলছে।

এ ছাড়া ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রস্তাব সংসদে রয়েছে। পর্তুগাল, স্পেন ও ইতালিও বয়সসীমা বৃদ্ধি কিংবা নতুন বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, শিশুদের মানসিক সুস্থতা, ব্যক্তিগত গোপনীয়তা, অনলাইন নিরাপত্তা এবং ক্ষতিকর কনটেন্টের প্রভাব থেকে সুরক্ষা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে সমালোচকদের মতে, শুধু নিষেধাজ্ঞা আরোপ করলেই হবে না; প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অভিভাবকদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

শীর্ষনিউজ