Image description

গাজীপুরের টঙ্গীতে মাদক বিরোধী অভিযানে হাজী মাজার বস্তি থেকে ২০ মাদকসেবী আটক হয়েছে। এসময় আসামীদের ঘিরে বেশী লোকের জনসমাগম হওয়ায় পুলিশ চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। রবিবার (১২ জুলাই) রাত আটটার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, জিএমপির গোয়েন্দা বিভাগ ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ যৌথ অভিযান করে টঙ্গীর তুরাগ নদীর তীরে অবস্থিত হাজী মাজার বস্তিতে অভিযান চালায়। বিপুল সংখ্যক পুলিশ বস্তিতে অভিযান করে মাদক সেবনের অভিযোগে ২০ জনকে আটক করে। আসামীদের আটকের পর পুলিশের গাড়িতে উঠানোর সময় বস্তির বিপুল সংখ্যক মানুষ আসামীদের ঘিরে ফেলার চেষ্টা করলে পুলিশ নিরাপত্তার স্বার্থে পর পর চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসময় বিস্ফোরিত সাউন্ড গ্রেনেডের ধুঁয়ায় পুরো মাজার বস্তি আচ্ছন্ন হয়ে যায়। পর পর গ্রেনেডের শব্দে সাধারণ মানুষ ভয়ে এদিক-ওদিক ছুটোছুটি শুরু করেন। মাজার বস্তি ও আশপাশ টঙ্গী বাজারের পশ্চিম অংশ ও সেনাকল্যান ভবন এলাকায় দোকানপাট সাময়িকের জন্য বন্ধ হয়ে যায়। অত:পর পুলিশ আটক ২০ আসামীকে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো: আরিফুর রহমান বলেন, জিএমপির অতিরিক্ত কমিশনার(ক্রাইম এন্ড অপস) মো: বেলায়েত হোসেনের নেতৃত্বে এই অভিযান হয়। অভিযানকালে আসামী আটকের পর অতিরিক্ত জনসমাগম হওয়ায় চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হয়েছে। আসামীরা এখন টঙ্গী পশ্চিম থানা হেফাজতে আছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা প্রক্রিয়াধীন।

 

জিএমপির অতিরিক্ত কমিশনার(ক্রাইম এন্ড অপস) মো: বেলায়েত হোসেন বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। জিএমপি কমিশনারের নির্দেশে আমরা মাদক বিরোধী অভিযান করছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

 

ঢাকাটাইমস