Image description

রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে বাসা ভাড়ার টাকাকে কেন্দ্র করে কিলঘুষির আঘাতে স্বপন (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (১৩ জুলাই) ভোর ৪টার দিকে ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক ভোর ৫টায় স্বপনকে মৃত ঘোষণা করেন।

স্বপনের বড় ভাই রাজা মোহাম্মদ সেলিম জানান, স্বপনের স্ত্রী-সন্তান নেই। তাঁরা দুই ভাই আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের ৪ নম্বর ভবনের একটি বাসায় ভাড়া থাকেন। স্বপন কসমেটিকসের ব্যবসা করতেন। যার নামে কোয়ার্টারের বাসাটি বরাদ্দ তাঁর ছেলে রিজভি। গতকাল রোববার বাসা ভাড়ার বকেয়া এক হাজার টাকা নিতে আসার কথা ছিল।

তবে তাঁকে ভাড়া নিতে আসতে বলার জন্য ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। অনেকক্ষণ পর কলব্যাক করে টাকা রাখতে বলেন। তখন সেলিম দু-এক দিন পরে টাকা দেবেন জানালে রিজভি গালাগালি করেন।

ভোর ৪টার দিকে রিজভি বাসা ভাড়া নিতে আসেন। এ সময় তর্কাতর্কির একপর্যায়ে রিজভি ও তাঁর চাচাতো ভাই রোহান সেলিমও স্বপনকে মারধর করেন। স্বপনের বুকে একাধিক কিলঘুষি মেরে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় ঘটনাস্থালেই অচেতন হয়ে পড়েন স্বপন। তখন ওই দুজনই তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) কিরণ মিয়া জানান, বাসা ভাড়ার টাকাকে কেন্দ্র করে অভিযুক্তরা স্বপনকে ধাক্কা দিলে তিনি উপুড় হয়ে পড়ে যান। পড়ে গিয়ে মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণ হয়। এরপর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শীর্ষনিউজ