Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে শনিবার ইরানের সামরিক বাহীনির ওপর চালানো যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে বলেন, আমরা তাদের ওপর ভয়াবহ বোমাবর্ষণ করেছি। খবর আলজাজিরার।

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করে জানিয়েছে, ইরানের ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে তারা আরো দাবি করেছে যে, উপসাগরীয় দেশগুলোতে ইরানের পাল্টা হামলায় কোনো মার্কিন সেনা আহত হয়নি এবং উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

অন্যদিকে চলমান হামলাগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যম নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ইরানের সামরিক লক্ষ্যবস্তু এবং হরমুজ প্রণালিতে থাকা ছোট নৌযানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলা এখনও অব্যাহত রয়েছে।

ট্রাম্প এদিন আবারও দাবি করেন, হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে। তবে এই দাবি ইরানের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।

সব মিলিয়ে চলমান হামলা-পাল্টা হামলার ঘটনায় সপ্তাহের শুরুতে ট্রাম্প যে নাজুক যুদ্ধবিরতির কথা বলেছিলেন, তা ক্রমেই ভেঙে পড়ছে বলে মনে হচ্ছে।