চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ানে একটি জুতা কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জিনজিয়াং শহরের ‘হুইতেং ফুটওয়্যার’ কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
জিনজিয়াং শহরকে চীনের ‘জুতার রাজধানী’ হিসেবে অভিহিত করা হয়। বিভিন্ন তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে সরবরাহ করা মোট স্পোর্টস শু বা কেডসের প্রায় ২০ শতাংশই এই শহরে উৎপাদিত হয়ে থাকে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, জ্বলন্ত কারখানা ভবন থেকে কালো ধোঁয়ার তীব্র কুণ্ডলী বের হচ্ছে এবং বেশ কিছু মানুষ ছাদে আটকা পড়েছেন।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সেখান থেকে ২০০ জনেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন। তবে এই দুর্ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, কারখানার নিচতলায় প্রচুর দাহ্য পদার্থ মজুত রাখা ছিল, সেখান থেকেই আগুনের সূত্রপাত।
অগ্নিকাণ্ডের পর চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেছেন, এই দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর জবাবদিহিতার মুখোমুখি করা হবে।
তথ্যসূত্র: বিবিসি