Image description

চলতি সপ্তাহে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কারিগরি পর্যায়ের বৈঠক নির্ধারিত নেই। এমনটাই জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। এ বিষয়ে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরও নাকচ করেছেন তিনি।

সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে তিনি বলেছেন, দোহায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কারিগরি ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে—এমন সংবাদ ‘নিশ্চিত নয়’।

তিনি বললেন, ‘চলতি সপ্তাহে ওয়ার্কিং গ্রুপগুলোর কোনো কারিগরি বৈঠক নির্ধারিত নেই।’

গারিবাবাদি জানান, সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে কাতারের সঙ্গে অব্যাহত রয়েছে আলোচনা।

তিনি আরও বললেন, ‘প্রয়োজনীয় পরিবেশ তৈরি হলে এবং বৈঠকের সময় ও স্থান নিয়ে দুই পক্ষের সম্মতি হলে ওয়ার্কিং গ্রুপগুলোর প্রথম দফার কারিগরি আলোচনা অনুষ্ঠিত হবে।’

ইরানের এই কর্মকর্তা জানান, মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে অব্যাহত রয়েছে বিষয়টি নিয়ে কূটনৈতিক পরামর্শ ও আলোচনা।