Image description

মার্কিন নৌবাহিনীর আরোপিত অবরোধ রেখা অতিক্রম করে বেরিয়ে গেছে ইরানি তেলবাহী তৃতীয় একটি ট্যাংকার। সামুদ্রিক জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্স জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির (এনআইটিসি) পরিচালিত সোনিয়া-১ নামের ট্যাংকারটি ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছিল।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, গ্রিনিচ মান সময় মঙ্গলবার দিবাগত রাত ১টা ১১ মিনিটে ট্যাংকারটি ওমান উপসাগরে মার্কিন অবরোধ রেখা অতিক্রম করে।

 

এর আগে মঙ্গলবার এনআইটিসির আরও দুটি ট্যাংকার ডিওনা ও হিরো-২ মোট ৩৮ লাখ ব্যারেল ইরানি তেল নিয়ে অবরোধ রেখা পেরিয়ে যায় বলে জানিয়েছে ট্যাংকারট্র্যাকার্স। একই সময়ে স্ট্রিম নামের আরেকটি ট্যাংকার ইরানের বন্দরগুলোর দিকে অগ্রসর হচ্ছিল।

 

এদিকে, ইরান জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যে সমঝোতা স্মারক (এমওইউ) হয়েছে, তাতে ইরানি বন্দরগুলোর ওপর ওয়াশিংটনের দুই মাস ধরে চলা নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

 

ইরানি তেলবাহী একের পর এক ট্যাংকারের অবরোধ অতিক্রম করার ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন ভূরাজনৈতিক তাৎপর্য তৈরি করেছে এবং জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।