গণভোটের রায় বাস্তবায়ন ও দেশব্যাপী চলমান জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী ২০ জুন (শনিবার) খুলনা মহানগরীতে বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। ওইদিন বেলা ২টায় খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বুধবার (১৭ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য (এমপি) মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
এছাড়া সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। খুলনা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে দলগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিভাগের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে বলে দাবি ঐক্যের নেতাদের।