Image description

ইরানের সঙ্গে স্থায়ী যুদ্ধ বন্ধের চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী বুধবার দেশটির দক্ষিণ অংশের বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের নাবাতিয়াহ আল-ফাওকা এলাকা এবং পার্শ্ববর্তী শহর কাফার তেবনিতের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠে হামলা চালিয়েছে।

এনএনএ আরও জানিয়েছে, ইসরায়েলিরা জাহরানি এলাকার আনসারিয়াহ শহরে একটি ড্রোন হামলাও চালিয়েছে।

তেহরান স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ঘোষণার পর থেকে সহিংসতা কমলেও এনএনএ-এর তথ্যমতে, চুক্তির পর থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

সহিংসতা কমে যাওয়ায় দক্ষিণ লেবাননের কিছু বাসিন্দা তাদের শহর ও গ্রামে ফিরে বসতবাড়ি দেখার সুযোগ পেয়েছেন। কিন্তু লেবাননের সেনাবাহিনী ইসরায়েলি লঙ্ঘন ও হামলার ঝুঁকির কথা উল্লেখ করে স্থানীয়দের বাড়ি ফিরতে কিছুটা দেরি করার আহ্বান জানিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার বলেছেন, এই যুদ্ধে দখল করা অঞ্চলগুলো থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার ছাড়া সংঘাতের স্থায়ী অবসান অসম্পূর্ণ থাকবে।

তিনি বলেছেন, এখন থেকে লেবাননের ওপর ইসরায়েলি যেকোনো সামরিক হামলা এবং লেবাননের ভূখণ্ডে তাদের অব্যাহত দখলদারিত্ব আমাদের দৃষ্টিতে সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে বিবেচিত হবে।

কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার বলেছেন, তার দেশের বাহিনী যতদিন প্রয়োজন লেবাননে থাকবে।

মঙ্গলবার থেকে এখন পর্যন্ত হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলার দায় স্বীকার করে কোনো বিবৃতি দেয়নি।

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির নেতা নাইম কাসেম বুধবার টেলিভিশনে ভাষণ দেবেন বলে জানা গেছে।

লেবাননসহ সকল ফ্রন্টে ইসরায়েলি বাহিনী অবিলম্বে ও স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য করার প্রচেষ্টার জন্য তিনি মঙ্গলবার ইরানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বাড়ে ৩ হাজার ৮২৬ জনে দাড়িয়েছে। এদিকে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে আরও মৃতদেহ উদ্ধার করছে।

সূত্র : আরব নিউজ