Image description

তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সঙ্গে একীভূত করে মমতা ব্যানার্জীর পুরোনো দলে ফেরার গুঞ্জন উড়িয়ে দিয়েছে কংগ্রেস। দলটির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন, এ ধরনের কোনো আলোচনা হয়নি এবং বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।

দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জীর দীর্ঘ বৈঠকের পর এ জল্পনা শুরু হয়। পরে রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক ব্যানার্জীর বৈঠক সেই আলোচনা আরও উসকে দেয়। তবে বৃহস্পতিবার (১১ জুন) কেসি ভেনুগোপাল স্পষ্ট করে বলেন, বৈঠকে কংগ্রেসে যোগদান বা দল একীভূত করার কোনো বিষয় ছিল না।

তিনি জানান, সোনিয়া গান্ধী ও মমতা ব্যানার্জীর দীর্ঘ প্রায় ৪০ বছরের রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তাদের আলোচনায় মূলত বিজেপিবিরোধী রাজনীতি এবং জাতীয় বিভিন্ন ইস্যুতে সমন্বিত অবস্থান নিয়ে কথা হয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসে ভাঙনের খবর সামনে এসেছে। দলের কয়েকজন বিধায়ক ও সংসদ সদস্য বিদ্রোহী অবস্থান নিয়েছেন বলে দাবি করা হচ্ছে।

খবরে বলা হয়েছে, ঋতব্রত ব্যানার্জীর নেতৃত্বে বিধানসভায় একটি আলাদা ব্লক গঠিত হয়েছে। একইভাবে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ২০ জন লোকসভা সদস্য কেন্দ্রের ক্ষমতাসীন এনডিএ জোটকে সমর্থন করতে পারেন বলেও আলোচনা রয়েছে।

এ ছাড়া একের পর এক রাজ্যসভার সদস্যদের পদত্যাগের খবরও সামনে আসছে। বৃহস্পতিবার সকালে প্রকাশচিক বরাইক ও সদ্য নির্বাচিত সংসদ সদস্য অভিনেত্রী কোয়েল মল্লিক পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

এসব ঘটনার মধ্যেই মমতা ব্যানার্জীর কংগ্রেসে যোগ দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে কেসি ভেনুগোপাল বলেন, তৃণমূল ও কংগ্রেস নেতাদের সাম্প্রতিক বৈঠকে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আরও কার্যকরভাবে তুলে ধরার কৌশল নিয়েই আলোচনা হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা