Image description

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসে চলা টানাপড়েন প্রকাশ্যে এলো ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যে। ডায়মন্ড হারবারের সাংসদ তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু তার আইনি লড়াই থেকে সরে দাঁড়ানোই নয়, প্রয়োজনে দল ছাড়ার ইঙ্গিতও দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ।

সই জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আদালতে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বৃহস্পতিবার আচমকাই জানা যায়, আর ওই মামলার সঙ্গে যুক্ত থাকছেন না তিনি। তার জায়গায় আদালতে অভিষেকের পক্ষে দাঁড়াবেন অন্য আইনজীবী।

এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানালেন, অভিষেকের আচরণে অপমানিত বোধ করেছেন তিনি। তার অভিযোগ, গভীর রাতে তার ছেলেকে ফোন করে জানানো হয় যে মামলায় জিজ্ঞাসাবাদ করবেন অন্য একজন আইনজীবী। বিষয়টি অত্যন্ত বিরক্ত করেছে তাকে। তার দাবি, এই ধরনের আচরণ মেনে নিতে পারেন না তিনি।

এমনকি তিনি এতটাই বিরক্ত যে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কার্যত চরম বার্তাও দিয়েছেন কল্যাণ। তার বক্তব্য, দলে অভিষেক থাকবেন নাকি তারা থাকবেন, সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। একই সুর শোনা গেছে তার ছেলে শীর্ষন্য বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠেও। তার ভাষ্য, অপমানিত বোধ করায় আর এই মামলা লড়তে চান না তিনি।

রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূলের একাধিক নেতা দল ছেড়েছেন। অসন্তোষ দেখিয়েছেন প্রকাশ্যে। সেই আবহেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে বিতর্ক দেখা দিয়েছে নতুন করে।

কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী জানালেন, এসব মন্তব্য রাজনৈতিক হতাশার বহিঃপ্রকাশ। তার দাবি, দলীয় সংকটের জেরেই সামনে আসছে এমন প্রকাশ্য বিবৃতি।

আবার সিপিএম নেতা অনিরুদ্ধ রায় জানান, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য তৃণমূলের ভেতরকার মতবিরোধকে আরও স্পষ্ট করে তুলেছে। এর ফলে দলীয় নেতৃত্বের সামনে চ্যালেঞ্জ তৈরি হতে পারে নতুন করে।