ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার সঙ্গে ইউরোপের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ক্রমশ মস্কোকে নিজেদের জন্য হুমকি হিসেবে বর্ণনা করছেন ইউরোপীয় নেতারা। এর রেশ পড়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতেও।
গোয়েন্দা প্রতিবেদনের বরাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দাবি করেছেন, আগামী ২০৩০ সালের মধ্যে ন্যাটোর ওপর রাশিয়ার পক্ষ থেকে একটি হামলা হতে পারে।
শুক্রবার (৫ জুন) ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উইল্টশায়ার সফরের সময় এ কথা বলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, সম্ভাব্য রুশ হুমকি মোকাবিলায় দেশের প্রতিরক্ষা খাতে আরও বেশি বিনিয়োগ করা জরুরি। তিনি প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে বলেন, রাশিয়ার পক্ষ থেকে ন্যাটোর ওপর হামলার ঝুঁকি রয়েছে, তাই প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা দরকার।
তিনি আরও বলেন, এর গুরুত্ব সম্পর্কে যদি আপনার কোনো স্মারকচিহ্নের প্রয়োজন হয়, তবে তা হলো আমাদের গোয়েন্দা মূল্যায়ন ও ন্যাটোর অন্যান্য দেশগুলোর মূল্যায়ন যে, ২০৩০ সালের মধ্যেই ন্যাটোর ওপর রাশিয়ার পক্ষ থেকে একটি হামলা হতে পারে। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এর পেছনে কতটা তৎপরতা ও অগ্রাধিকার দিচ্ছি।
স্টারমার বলেন, এই প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা দেশ রক্ষার জন্য ভবিষ্যতের প্রয়োজনীয় সক্ষমতার ওপর গুরুত্ব দেবে। প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানো এবং নতুন পরিকল্পনা বাস্তবায়নের ফলে দেশে নতুন কাজের সুযোগ তৈরি হবে। তার মতে, এর মাধ্যমে সারা দেশে ভালো, উচ্চ বেতনের এবং দক্ষ কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি।
বিলম্বিত প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে’ প্রকাশ করা হবে ঘোষণা করেছেন তিনি। স্টারমার বলেন, দীর্ঘ বিলম্বিত প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনাটি ৭ জুলাই অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনের আগেই প্রকাশ করা হবে। এটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে।
মূল প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনাটি গত শরৎকালে প্রকাশের কথা থাকলেও বারবার পিছিয়ে দেওয়া হয়েছে। এর কারণ হিসেবে সতর্ক করা হয়েছে যে আগামী চার বছরে সামরিক বাহিনীতে প্রায় ২৮ বিলিয়ন পাউন্ডের অর্থ ঘাটতি তৈরি হতে পারে।