Image description

কলকাতা পৌরসভার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম। বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় ‘আসল তৃণমূল’ গঠন নিয়ে টানাপড়েনের মধ্যেই তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র জমা দেওয়ার আগে এদিন নবান্নে মুখ্যমন্ত্রী ও শুভেন্দু অধিকারীর বৈঠকেও উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম।

২০২৬ সালের নির্বাচনে ভরাডুবির পর থেকেই কলকাতা পৌরসভার মেয়র হিসেবে ফিরহাদ হাকিমকে কার্যত কাজ করতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ ওঠে। ফিরহাদের দাবি, তিনি মেয়র থাকলেও পৌর কমিশনারের মাধ্যমেই সব কাজ পরিচালিত হচ্ছিল। এ কারণে দলীয় বৈঠকগুলোতে একাধিকবার মেয়র পদ ছাড়ার ইচ্ছার কথাও জানান তিনি। তবে এতদিন তার পদত্যাগপত্র গ্রহণ করতে চাননি মমতা।

তবে মঙ্গলবার মেয়র পরিষদের সদস্য তারক সিংয়ের পদত্যাগের পর পরিস্থিতি নতুন মোড় নেয়। সেদিন ফিরহাদ হাকিম মন্তব্য করেন, ‘আমরা একটি দল হিসেবে কাজ করি। যা করব, একসঙ্গেই করব।’ এর পর থেকেই তার পদত্যাগ নিয়ে আরও তীব্র হয় জল্পনা।

অবশেষে বুধবার সেই জল্পনারই অবসান ঘটে। বিধানসভায় যখন তৃণমূলের বিদ্রোহী বিধায়করা বৈঠকে ব্যস্ত, তখন ফিরহাদ হাকিম ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। সেখানেই তিনি সম্মানের সঙ্গে মেয়র পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন। প্রথমে তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন মমতা। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন ফিরহাদ। পরে গ্রহণ করা হয় তার পদত্যাগপত্র।

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বললেন, ‘মেয়র হিসেবে ফিরহাদ হাকিমকে কাজ করতে দেওয়া হচ্ছিল না। তাই তিনি সম্মানের সঙ্গে পদত্যাগের সিদ্ধান্ত নেন। দলনেত্রী সেই সিদ্ধান্ত মেনে নিয়েছেন।’

ফিরহাদ হাকিমের পদত্যাগের ফলে আপাতত কলকাতা পৌরসভার দায়িত্ব পালন করবেন পৌর কমিশনার। পরে রাজ্য সরকার চাইলে প্রশাসক নিয়োগ করতে পারে। আগামী ডিসেম্বরে পৌর নির্বাচন হওয়ার কথা থাকলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগেই অনুষ্ঠিত হতে পারে সেই ভোট ।