কূটনৈতিক ক্ষেত্রে দীর্ঘদিনের একটি প্রথা ভেঙে সৌদি আরবে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে অমুসলিম কূটনীতিক বিপুলকে নিয়োগ দিয়েছে নয়াদিল্লি। ১৯৯৮ ব্যাচের এই আইএফএস কর্মকর্তাকে নিয়োগের মাধ্যমে স্বাধীনতার পর থেকে চলা একটি অনানুষ্ঠানিক রীতির অবসান ঘটল।
মঙ্গলবার (২ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।
এতদিন সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত এবং জেদ্দায় কনসাল জেনারেল হিসেবে সাধারণত মুসলিম কূটনীতিকদেরই নিয়োগ দেওয়া হতো। মূলত হজ ব্যবস্থাপনা ও ধর্মীয় সংবেদনশীলতার কারণে এই রীতি দীর্ঘদিন ধরে অনুসরণ করা হচ্ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে যোগ্য মুসলিম কূটনীতিকের অভাব এবং প্রশাসনিক জটিলতার কারণে এই নীতিতে পরিবর্তন আনা হয়।
এর আগে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মুম্বাই পুলিশের সাবেক কমিশনার আহমেদ জাভেদও সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বর্তমানে কাতারে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বে থাকা বিপুল বিদায়ী রাষ্ট্রদূত সুহেল আজাজ খানের স্থলাভিষিক্ত হবেন। সুহেল আজাজ খানও ১৯৯৮ ব্যাচের আইএফএস কর্মকর্তা এবং আরবি ভাষায় দক্ষ হিসেবে পরিচিত।
নতুন এই নিয়োগ এমন এক সময়ে হলো, যখন সৌদি আরব আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি, ইরানের সঙ্গে উত্তেজনা এবং অর্থনৈতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে যাচ্ছে। ভারতের জন্য সৌদি আরব জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য ও বিপুল প্রবাসী শ্রমিকের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত।
শীর্ষনিউজ