‘কথা দিলাম, আমি অবসর নেব’, এমি মার্তিনেসের মুখে এই কথা শুনে মনে হতেই পারে, বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলবেন। এটাই স্বাভাবিক। এখানে একটা কিন্তু আছে। এমি অবসর নেবেন যদি আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে।
এমির এই অবসরের কথা এসেছিল ২০২৪ সালের ১৯ ডিসেম্বর। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের একটি পডকাস্টে এমি বলেছিলেন ‘হাইপোথিটিক্যাল’ কথাটি। যদি আর্জেন্টিনা টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতে তাহলে কী হবে? এর উত্তরে এমি বলেছেন, ‘আর কিছু হোক বা না হোক আমি অবসর নেব।’
সেই ব্যাপারটাই এতদিন পর ঘুরেফিরে এসেছে। ১৯৫৮ ও ১৯৬২ টানা দুবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর আর কোনো দল সোনালি ট্রফি ধরে রাখতে পারেনি। আর্জেন্টিনা এবার এমন কিছু করলে এমি জানালেন তিনি কী করবেন, ‘টানা দুবার শিরোপা জয়? এমন কিছু যদি হয় আমি অবসর নেব। শিরোপা জয়ের পর অবসর নেব। কথা দিলাম, এটাই হবে।’
হুলিগান সকারকে দেওয়া নতুন সাক্ষাৎকারে এমি আরও বলেছেন, ‘তখন আমার অবসর নেওয়া সহজ হবে, কারণ নতুন ফুটবলার তৈরি করার ব্যাপার আছে। ওরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে এগোবে। আমরা থাকলে সেটা সম্ভব না।’