ইংল্যান্ডের ডেভনে একটি মাঠে ব্রিটিশ রয়্যাল নেভির একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডেভন ও কর্নওয়াল পুলিশ জানায়, ওকহ্যাম্পটনের কাছে সাওরটন ডাউনে দুর্ঘটনাস্থলে কাজ করছে জরুরি সেবা সংস্থাগুলো।
পুলিশের এক মুখপাত্র বললেন, ‘ঘটনাটি নিয়ে এখনো কাজ চলমান রয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে আমরা জানাব।’
তিনি আরও বলেছেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে এটি রয়্যাল নেভির একটি হেলিকপ্টার ছিল।’
রয়্যাল নেভি জানিয়েছে, বুধবার ভোর ৪টার কিছু আগে দুর্ঘটনাটি ঘটে। এক মুখপাত্র বলেছেন, ‘ঘটনার তদন্ত চলছে। এ মুহূর্তে এ বিষয়ে আরও মন্তব্য করা সমীচীন হবে না।’
ডেভনের কাছে রয়্যাল নেভির দুটি বিমানঘাঁটি রয়েছে। ইউরোপের অন্যতম বৃহৎ হেলিকপ্টার ঘাঁটি আরএনএএস কালড্রোজ কর্নওয়ালের হেলস্টনের কাছে অবস্থিত। অন্যদিকে সমারসেটের আরএনএএস ইয়োভিলটনে রয়েছে ১০০টিরও বেশি উড়োজাহাজ।
দুর্ঘটনাস্থলটি ওকহ্যাম্পটন ব্যাটল ক্যাম্পের কাছাকাছি, যা ডার্টমুরের প্রান্তে অবস্থিত একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র। এখানে কমান্ডো হেলিকপ্টার ফোর্সের মার্লিন হেলিকপ্টার ক্রুদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।
এ বিষয়ে কথা বলতে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত আছেন। তিনি বলেছেন, ‘পরিবারগুলোর জন্য এটি অত্যন্ত উদ্বেগের সময়। যত দ্রুত সম্ভব আরও তথ্য জানানো হবে।’