Image description

ভারতের রাজধানী দিল্লির মেহরৌলি থানা এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে।

 

শনিবার (৩০ মে) সন্ধ্যার এ ঘটনায় ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। শেষ খবর পাওয়া পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপ থেকে অন্তত ১২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

 

স্থানীয়দের আশঙ্কা, এখনও অনেকে ধ্বংসস্তূপে আটকেপড়া অবস্থায় রয়েছেন। ফলে উদ্ধার অভিযান চলমান রয়েছে। প্রশাসনের আশা, দ্রুত সবাইকে উদ্ধার করা সম্ভব হবে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার হঠাৎ করেই পুরোনো বাড়িটি ভেঙে পড়ে। ধসে পড়া ভবনের কিছু অংশ পাশের একটি কাঠামোর ওপর গিয়ে পড়ে।

 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মেহরৌলি থানা পুলিশ। যৌথভাবে উদ্ধার অভিযানে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, দমকল বিভাগ ও দিল্লি পুলিশ। তাদের তৎপরতায় উদ্ধার হওয়া কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভবনের মালিকানা, অনুমোদন ও নির্মাণকাজে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। ভবন ধসের কারণ উদঘাটনে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।

 

এদিকে উদ্ধার তৎপরতা নিয়ে প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীদের স্বজনেরা। তাদের অভিযোগ, দুর্ঘটনার পর প্রথম দিকে পুলিশের চেয়ে বরং স্থানীয়দের ভূমিকা বেশি ছিল।