Image description

সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা অঞ্চলের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলায় আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। এতে তেজস্ক্রিয় নিরাপত্তা স্তর অপরিবর্তিত রয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

 

রোববার (১৭ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা অঞ্চলের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলায় একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন লেগেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আবুধাবির মিডিয়া অফিস।

 

এতে বলা হয়, ড্রোন হামলার কারণে আল ধাফরা অঞ্চলের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সীমানার বাইরে একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে আবুধাবির কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে কর্মব্যস্ত হয়ে পড়ে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়াও তেজস্ক্রিয় নিরাপত্তা স্তরের ওপর এর কোনো প্রভাব পড়েনি। সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

ফেডারেল পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফএএনআর) নিশ্চিত করেছে, এই অগ্নিকাণ্ড বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা বা এর অত্যাবশ্যকীয় সিস্টেমগুলোর প্রস্তুতির ওপর কোনো প্রভাব ফেলেনি। এ ছাড়াও সমস্ত ইউনিট স্বাভাবিকভাবে কাজ করছে। জনসাধারণকে শুধুমাত্র সরকারি সূত্র থেকে তথ্য গ্রহণ করতে এবং গুজব বা যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে।

 

তবে ড্রোনটির উৎসস্থল সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। এ ছাড়াও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কি না, সে বিষয়টিও বিবৃতিতে অস্পষ্ট।