ইসরাইলের আরও পাঁচজন শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত এই আন্তর্জাতিক আদালতের এ পদক্ষেপ নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
রোববার (১৭ মে) ইসরাইলি গণমাধ্যম হারেৎজের বরাতে এ তথ্য প্রকাশ করেছে টাইমস অব ইসরাইল।
প্রতিবেদন অনুযায়ী, জারি হওয়া পাঁচটি পরোয়ানার মধ্যে তিনটি রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে এবং দুটি সামরিক কর্মকর্তার বিরুদ্ধে। তবে ঠিক কবে এসব পরোয়ানা জারি করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
আইসিসির প্রচলিত নিয়ম অনুযায়ী, গ্রেফতারি পরোয়ানা অনেক সময় গোপনে জারি করা হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয়। এ বিষয়ে এখন পর্যন্ত ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা স্টেট অ্যাটর্নি অফিস কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। একই বছরের মে মাসে আইসিসির প্রসিকিউটর করিম খান এ বিষয়ে আবেদন করেছিলেন।
তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, গাজা সংঘাতে ইসরাইলি বাহিনীর অভিযানে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।
শীর্ষনিউজ