Image description

ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে তেল আবিব একটি আয়রন ডোম ব্যাটারি পাঠিয়েছে। সেই সঙ্গে সেটি পরিচালনা করার জন্য নিজস্ব সেনাও পাঠায় তারা। এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

 

তেল আবিবে এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, ইসরাইল আরব আমিরাতকে আয়রন ডোম ব্যাটারি এবং সেগুলো পরিচালনায় সাহায্য করার জন্য সেনা পাঠিয়েছে। এটি কীভাবে হলো- কারণ আব্রাহাম চুক্তির ওপর ভিত্তি করে আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে অসাধারণ সম্পর্ক রয়েছে।

 

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুদ্ধ চলাকালীন ইরানি হামলা থেকে আত্মরক্ষায় সাহায্য করার জন্য ইসরাইল আরব আমিরাতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে ইরান অন্য যেকোনো দেশের চেয়ে সংযুক্ত আরব আমিরাতকে বেশি লক্ষ্যবস্তু করেছে। এ ছাড়া বর্তমান যুদ্ধবিরতির সময়েও আমিরাতে হামলা অব্যাহত রেখেছে ইরান।

আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তা আনোয়ার গারগাশ গত ১৭ মার্চ বলেন, ইরানের হামলার কারণে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কযুক্ত আরব রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করছে।