Image description

ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. শাহজাহান এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংসদীয় এ কমিটির কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করার ওপর জোর দেওয়া হয়।

জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সংসদে ‘বেসরকারি বিল’ উত্থাপনে সব সংসদ সদস্যকে (এমপি) সচেতন করতে কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ দেওয়া হয়।

 

এ ছাড়া বেসরকারি সদস্যদের বিলের খসড়া প্রস্তুতকরণে এমপিদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটকে আরো সচেষ্ট হওয়ার সুপারিশ করেছে কমিটি।

বৈঠকের শুরুতে পরিচিতি পর্ব শেষে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির সার্বিক কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করা হয়।

পাশাপাশি কমিটির কার্যপরিধি, বেসরকারি বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত সংবিধান এবং কার্যপ্রণালী বিধির বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

এর আগে বৈঠকের শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

বৈঠকে কমিটির সদস্য হিসেবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, মো. আমানউল্লাহ আমান, মো. আবুল খায়ের ভূঁইয়া, মোছা. তাহসিনা রুশদীর, মুহাম্মদ নওশাদ জমির, শাহজাহান চৌধুরী এবং মো. নূরুল ইসলাম অংশ নেন।

এ ছাড়া আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।