Image description

দেশের হামের প্রকোপ বেড়ে ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই শিশুদের মৃত্যুর তথ্য দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। অভিযোগ রয়েছে, ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে হামে টিকা সরবরাহে অবহেলার কারণে মৃত্যু বাড়ছে।

তবে বিষয়টি আড়াল করতে অন্তর্বর্তী সরকারের পক্ষে সাবেক প্রেসসচিব শফিকুল আলমসহ অনেকে সাফাই দিচ্ছেন বলে অভিযোগ করেছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর।

তিনি এই সাফাই গ্রুপেরও বিচার দাবি করেছেন।

 

আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সাফাই গ্রুপের বিচার দাবি করেন।

আনিস আলমগীর বলেন, “শফিকসহ যারা ইউনূস সরকারের অবহেলায় হামে শিশুমৃত্যুর বিষয়টি আড়াল করতে সাফাই গায়, তাদের ‘প্রেসার গ্রুপ’ দিয়ে না পিটিয়ে আইনের আওতায় এনে ইউনূস ও নূরজাহানের সঙ্গে বিচারের মুখোমুখি করা উচিত।”

এই পোস্টের সঙ্গে তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ আইনজীবীদের বিক্ষোভের ছবি শেয়ার করেছেন।

হামে আক্রান্ত নিষ্পাপ শিশু হত্যাকারী হিসেবে ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানদের বিচার দাবি করেছেন তারা।

 

এদিকে হামের টিকা কেন কেনা হয়নি, তা সরকার তদন্ত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘হামের টিকা কেন কেনা হয়নি, তা তদন্তে আন্তর্জাতিক মানের কমিটি করার প্রক্রিয়া চলছে। আন্তর্জাতিক ও দেশীয় সমন্বয় করে এটি করা হবে।

তবে হাম নিয়ে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন নেই।’