Image description

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে দীর্ঘদিন অনড় অবস্থানে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার প্রোফাইলে আনা পরিবর্তন ঘিরে এবার নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

তৃণমূল কংগ্রেস প্রধান নিজের পরিচয়ে পরিবর্তন এনেছেন ঠিকই তবে ‘সাবেক’ শব্দটা এড়িয়ে গেছেন কৌশলে। মমতা লিখেছেন, তিনি পশ্চিমবঙ্গের ‘১৫তম, ১৬তম ও ১৭তম বিধানসভার মুখ্যমন্ত্রী’।

এর আগে তার বায়োতে লেখা ছিল, ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী।’

এই পরিবর্তন এমন সময়ে এলো, যখন শনিবার পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ভবানীপুর আসনে গত মাসের বিধানসভা নির্বাচনে মমতাকে হারানো বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

সাম্প্রতিক নির্বাচনে ২৯৪ আসনের বিধানসভায় মাত্র ৮০টি আসন পায় তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি এককভাবে ২০৭ আসনে জয় পেয়ে সরকার গঠনের পথ নিশ্চিত করে। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে মমতার টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে।

তবে নির্বাচনের ফল প্রকাশের পরও পরাজয় মানতে রাজি হননি মমতা।

মঙ্গলবার তিনি দাবি করেন, এই ফলাফল ‘জনগণের রায় নয়, বরং একটি ষড়যন্ত্রের ফল’।

তিনি অভিযোগ করেন, ভোট গণনায় ব্যাপক অনিয়ম হয়েছে এবং প্রায় ১০০টি আসন ‘ছিনতাই’ করা হয়েছে। একই সঙ্গে ইচ্ছাকৃতভাবে গণনার গতি কমিয়ে তার দলের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।