Image description

চট্টগ্রামের ফটিকছড়িতে এক নারীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিহত নারীর ছেলের শ্বশুর। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের উত্তর কাঞ্চননগর কালাপাইন গ্রামের পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম লাকি আকতার (৩৮)। তিনি ওই এলাকার কৃষক আবদুল কাদেরের স্ত্রী। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। আর গ্রেপ্তার ব্যক্তির নাম মুহাম্মদ সাফা (৪৫)। তিনিও একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় লাকি আকতার গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন মুহাম্মদ সাফা। তবে এতে তিনি ব্যর্থ হন। এরপর ঘটনা ধামাচাপা দিতে তিনি লাকি আকতারকে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ পাশেই পাহাড়ের পাদদেশে ফেলে রেখে চলে যান তিনি। লাকি আকতারকে ঘরে না পেয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এরপর রাত প্রায় ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা তার লাশ খুঁজে পান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লাশ উদ্ধারের পর থেকেই মুহাম্মদ সাফার আচরণে পরিবর্তন লক্ষ করা যায়। এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি ধর্ষণচেষ্টার পর হত্যার কথা স্বীকার করেন। পরে দিবাগত রাত তিনটার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

নিহত লাকি আকতারের বাবা আবুল বশর বলেন, আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে হত্যা করা হয়েছে। আমি এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান বলেন, অভিযুক্ত মুহাম্মদ সাফাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ভুক্তভোগী নারীকে তিনি আগে থেকেই উত্ত্যক্ত করতেন। আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।