Image description

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাম্প্রতিক এক প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেছেন, যুদ্ধ শুরুর আগের তুলনায় ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও উৎক্ষেপণ সক্ষমতা ২০ শতাংশ বেড়েছে।

এক্স হ্যান্ডলে শুক্রবার (৮ মে) দেয়া এক পোস্টে আরাকচি সিআইএর মূল্যায়নের সরাসরি বিরোধিতা করে লেখেন, “সিআইএ ভুল করছে। ২৮ ফেব্রুয়ারির তুলনায় আমাদের ক্ষেপণাস্ত্র ভা-ার ও উৎক্ষেপক সক্ষমতা ৭৫ শতাংশে নয়। সঠিক হার হল ১২০ শতাংশ। আর আমাদের জনগণের প্রতিরক্ষায় প্রস্তুতি ১ হাজার শতাংশ”।

তিনি আরো অভিযোগ করে বলেন, “প্রতিবারই যখন আলোচনার টেবিলে একটি কূটনৈতিক সমাধান আসে, যুক্তরাষ্ট্র বেপরোয়া সামরিক দুঃসাহসিক কাজ বেছে নেয়”। তিনি প্রশ্ন তোলেন, এটি একটি কাঁচা চাপের কৌশল কিনা, না কোনো “নাশকতাকারী” আবারও মার্কিন প্রেসিডেন্টকে জটিলতায় ফেলেছে কিনা।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা “১৮-১৯ শতাংশে নেমে এসেছে” বলে দাবি করেছিলেন। আরাকচির দাবি শুধু সিআইএর তথ্যই খারিজ করেনি, পরোক্ষভাবে ট্রাম্পের বক্তব্যও প্রত্যাখ্যান করেছে।