Image description

ভারতের তামিলনাড়ুতে সরকার গঠন ঘিরে অনিশ্চয়তা আরও বেড়েছে। সরকার গঠনের আর্জি নিয়ে অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয় তৃতীয়বারের মতো রাজ্যপালের কাছে গেলেও তার দল তামিলাগা ভেট্টি কাজগম (টিভিকে) সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’ ১১৮টি আসনের জয়ীদের লিখিত সমর্থন দেখাতে পারেনি। তাই আগামীকাল শনিবার (৯ মে) মূখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারছেন না বিজয়।

থালাপতি বিজয় শুক্রবার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে তৃতীয়বারের মতো সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান। এর ঘণ্টাখানেক পরই সম্ভাব্য দুই মিত্র দল ইনডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) এবং আম্মা মক্কাল মুনেত্র কাজগাম (এএমএমকে) স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা বিজয়ের দল টিভিকেকে সমর্থন করবে না।

এদিকে আইইউএমএল একটি চিঠিতে জানিয়েছে, তারা টিভিকে নেতৃত্বাধীন জোটের অংশ নয়। অন্যদিকে এএমএমকে রাজ্যপালকে চিঠি দিয়ে জানিয়েছে, সরকার গঠনের সুযোগ অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজগামকে (এআইএডিএমকে) দেওয়া উচিত। এতে বিজয়ের সমর্থন পাওয়ার আশা বড় ধাক্কা খেয়েছে।

রাজ্যপাল অফিস সূত্রে জানা গেছে, সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে না পারায় শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়কে শপথের আমন্ত্রণ জানানো হয়নি। সূত্রের দাবি, বিজয়ের পক্ষে বর্তমানে ১১৬ জন বিধায়কের সমর্থন রয়েছে, যা ‘ম্যাজিক ফিগার’ ১১৮টি থেকে মাত্র দুটি কম।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয় রাজ্যপাল আর্লেকারের সঙ্গে সাক্ষাৎ করে দাবি করেছিলেন, তার পক্ষে ১১৮ জন বিধায়কের সমর্থন রয়েছে।

বিধান অনুযায়ী ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ জন বিধায়কের লিখিত সমর্থন। বিজয়ের দল টিভিকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই সর্বোচ্চ সংখ্যক ১০৮টি আসন পায়। এর মধ্যে বিজয় দুটি আসনে জয়লাভ করেন, সেখান থেকে একটি আসন ছেড়ে দিতে হবে। সে ক্ষেত্রে টিভিকের থাকবে ১০৭টি আসন। তাই ফলাফল ঘোষণার পর থেকেই বিজয় ও তার দল সরকার গঠন করতে জোটসঙ্গী খুঁজছে।

গত মাসের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিষেকেই বড় চমক দেখিয়েছে বিজয়ের দল টিভিকে। ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জিতে তারা ডিএমকে ও এআইএডিএমকের ৬২ বছরের রাজনৈতিক আধিপত্য ভেঙে দেয়।