Image description

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই এই ইঙ্গিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন শুরু হয়েছে। এতে টানা দ্বিতীয় দিনের মতো কমায় অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের নিচে নেমেছে।

 

বুধবার (৬ মে) সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৬ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ১০৩ ডলারে নেমেছে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মার্কিন তেলের বাজারে; সেখানে দাম প্রায় ৭ শতাংশ কমে ব্যারেল প্রতি মাত্র ৯৫ ডলারে দাঁড়িয়েছে।

 

এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার গ্রিনিচ মান সময় ১টা ৩ মিনিটে আন্তর্জাতিক বাজারে মানদণ্ড হিসেবে ব্যবহৃত ব্রেন্ট ক্রুডের দাম কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৩৫ ডলারে। আগের দিনের তুলনায় এটি ১ দশমিক ৫২ ডলার বা ১ দশমিক ৩৮ শতাংশ কম। এর আগের দিনও ব্রেন্টের দাম প্রায় ৪ শতাংশ হ্রাস পেয়েছিল।

 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৪৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০০ দশমিক ৭৭ ডলারে নেমে এসেছে। আগের দিন এই সূচকেও প্রায় ৩ দশমিক ৯ শতাংশ দরপতন হয়েছিল।

 

 

এর আগের দিনও তেলের দাম ৪ শতাংশের মতো কমেছিল। মাত্র দুদিনের ব্যবধানে তেলের বাজারে বড় ধরনের দরপতন দেখা গেল।

 

বিনিয়োগকারীদের নজর এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির দিকে। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প এই এলাকায় জাহাজ চলাচলে সহায়তার জন্য নেওয়া তার বিশেষ সামরিক উদ্যোগ প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন। এই পদক্ষেপটিকে ইরানের সঙ্গে শান্তি আলোচনার একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

 

এছাড়াও যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় ধরনের অগ্রগতির আভাস পাওয়া যাচ্ছে। যুদ্ধ শেষ করার জন্য একটি সংক্ষিপ্ত এবং কার্যকর সমঝোতা স্মারক সই করার দ্বারপ্রান্তে পৌঁছেছে দুই দেশ। শান্তি আলোচনার সঙ্গে সরাসরি যুক্ত পাকিস্তানের একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বুধবার এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 

দীর্ঘদিন ধরে চলা অস্থিরতার অবসান ঘটাতে দুপক্ষই এখন এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করতে কাজ করছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই সূত্রটি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা খুব শিগগির এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারব। লক্ষ্যমাত্রার একদম কাছাকাছি পৌঁছে গেছি আমরা।’