ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি চারতলা আবাসিক ভবনে এসি (এয়ার কন্ডিশনার) বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দেড় বছরের এক শিশুসহ একই পরিবারের ৯ জনের প্রাণহানি ঘটেছে। দগ্ধ ও আহত অবস্থায় আরো দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার ভোররাত ৪টার দিকে ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
পূর্ব দিল্লির শাহদারা বিভাগের ডিসিপি রাজেন্দ্র প্রসাদ মিনা জানান, আগুন নিয়ন্ত্রণের পর তল্লাশি চালিয়ে নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। দ্বিতীয় তলা থেকে অরবিন্দ জৈন (৬০), তার স্ত্রী অনিতা জৈন (৫৮), ছেলে নিশান্ত জৈন (৩৫), পুত্রবধূ আঞ্চল জৈন (৩৩) ও তাদের দেড় বছরের শিশু সন্তান আকাশ জৈনের লাশ উদ্ধার করা হয়। তৃতীয় তলায় মারা গেছেন নিতিন জৈন (৫০), তার স্ত্রী শাইলি জৈন (৪৮) ও ছেলে সম্যক জৈন (২৫)। এ ছাড়া প্রথম তলায় শিখা জৈন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। শিখার স্বামী নবীন জৈন (৪৮) আহত অবস্থায় গুরু তেগ বাহাদুর হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, এসি বিস্ফোরণ থেকে এই আগনের সূত্রপাত হয়েছে। ভবনটি থেকে অন্তত ১২ থেকে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, স্থানীয় প্রশাসন, দিল্লি ফায়ার সার্ভিস এবং পুলিশ উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।