যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের কর্মকাণ্ডের প্রতি ‘সহানুভূতি’ দেখানোর অভিযোগে ৬৯ জনের নাগরিকত্ব কেড়ে নিয়েছে উপসাগরীয় দেশ বাহরাইন। বৃহত্তর নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ তথ্য জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পোস্টে বলা হয়, ইরানের শত্রুতামূলক কাজকে সমর্থন বা প্রশংসা করার অভিযোগে বাহরাইন ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছে। এই সংখ্যায় তাদের পরিবারের সদস্যরাও অন্তর্ভুক্ত।
তবে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি মন্ত্রণালয়।
কর্মকর্তারা বলছেন, জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে বিবেচিত কার্যকলাপের জবাবে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ অনলাইন কার্যকলাপের ওপর নজরদারি জোরদার করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্রের আক্রমণের পর মার্চে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সদরদপ্তর এবং বিভিন্ন জ্বালানি শোধনাগারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান।
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরান এই প্রতিশোধমূলক আক্রমণগুলো চালায়। ফলে বাহরাইনের বাপ্তো শোধনাগারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়াও ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সূত্র: গালফ নিউজ, আলজাজিরা