যুদ্ধ বন্ধে স্থবির কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, সোমবার ভোরে সেন্ট পিটার্সবার্গে পৌঁছানো আরাঘচি রুশ প্রেসিডেন্টসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
তিনি বলছিলেন, ‘ইরান ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রেক্ষাপটে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এই সফরটি পাকিস্তান, ওমান ও রাশিয়া নিয়ে গঠিত আঞ্চলিক কূটনৈতিক সফরের শেষ ধাপ। একে ওয়াশিংটন ও তেল আবিবের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মিত্রদের সঙ্গে ‘ঘনিষ্ঠ সমন্বয়’ প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন আরাঘচি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দূতদের ইসলামাবাদ সফর বাতিল করায় স্থগিত হয়ে গেছে যুক্তরাষ্ট্র-ইরান সরাসরি আলোচনা। তিনি জানান, চাইলে যোগাযোগ করতে পারে ইরান।
অন্যদিকে তেহরান বলছে, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ বজায় রাখা এবং লেবাননে ইসরায়েলি হামলা চলতে থাকলে সরাসরি আলোচনা অর্থহীন।
সংঘাতের সময় জুড়ে তেহরানের গুরুত্বপূর্ণ কূটনৈতিক অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে রাশিয়া। আরাঘচি-পুতিন বৈঠকে সাম্প্রতিক যুদ্ধবিরতি পরিস্থিতি এবং সংকট মোকাবিলায় আলোচনা হওয়ার কথা রয়েছে যৌথ কৌশল নিয়ে।