যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় আরও মানব দেহাবশেষ উদ্ধার করেছে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (এইচসিএসও)। স্থানীয় সময় রোববার ইন্টারস্টে ২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ এলাকার জলাশয়ে অভিযান চালিয়ে তা উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময় সোমবার (২৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাম্পা বে ২৮।
এইচসিএসও জানিয়েছে, রোববার ইন্টারস্টেট ২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ এলাকার জলাশয় থেকে মানব দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে দেহাবশেষটি শনাক্ত করা যায়নি এবং মরদেহটি পিনেলাস কাউন্টি মেডিকেল এক্সামিনারের কার্যালয়ের হেফাজতে রয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান।
গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে নিখোঁজ হন দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। দুজনের বয়স ২৭ বছর। টানা এক সপ্তাহ নিখোঁজ থাকার পর তাদের মৃত্যুর খবর জানা যায়। হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজের নিচ থেকে লিমনের দেহাবশেষ উদ্ধার হলেও বৃষ্টির মরদেহ পায়নি স্থানীয় পুলিশ।
সপ্তাহান্তে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছে বৃষ্টির মরদেহের সন্ধান করার সময় এইচসিএসও-র মেরিন ও ডাইভ টিমের সদস্যরা রোববার দেহাবশেষ উদ্ধার করল। দেহাবশেষটি লিমনের নাকি বৃষ্টি তা জানা যাবে ডিএনএ পরীক্ষার পরই।
এদিকে লিমনের দেহাবশেষ উদ্ধারের পর তার রুমমেট ২৬ বছর বয়সি মার্কিন নাগরিক হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রিজের নিচে লিমনের দেহাবশেষ হিশামই রেখে আসেন বলে স্বীকারোক্তি দেন।