ইরান ও রাশিয়ার সম্পর্ক শুধু কূটনীতিতে নয়, সামরিক সহযোগিতার দিক থেকেও গভীর ও বিস্তৃত—এ কথা জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফোয়াদ ইজাদি।
এরই মধ্যে সোমবার সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ায় পৌঁছেছেন। সফরকালে তার সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইজাদি বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এখনো প্রয়োজন অনুযায়ী শক্তিশালী নয়।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক অঙ্গনেও রাশিয়ার সমর্থন ইরানের জন্য গুরুত্বপূর্ণ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়া ইতিমধ্যে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের আনা একটি প্রস্তাবে মস্কো ভেটো দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ইজাদির ভাষায়, ইরান-রাশিয়ার সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। এটি বহু বছরের পুরোনো সম্পর্ক। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই সামরিক প্রযুক্তির ক্ষেত্রে ইরান ধীরে ধীরে রাশিয়ার ওপর নির্ভর করতে শুরু করে।