লেবানন সরকারকে ইসরাইলের সঙ্গে আলোচনা নিয়ে অভ্যন্তরীণ সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান শেখ নাঈম কাসেম। এসময় তিনি আরো বলেন, হিজবুল্লাহকে নির্মূল করতে গিয়ে শত্রু এখন এক অচলবস্থায় পৌঁছে গেছে।
হিজবুল্লাহ প্রধান বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরাইল এই গোষ্ঠীটিকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়েছে। ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননজুড়ে ইসরাইল বিমান হামলা শুরু হলেও গোষ্ঠীটিকে পরাজিত করা যায়নি বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘শত্রু এখন একটি অচলাবস্থায় পৌঁছেছে, তাদের প্রতিরোধ অবিরাম, শক্তিশালী এবং একে পরাজিত করা যাবে না।’
কাসেম ইসরাইলের সঙ্গে লেবানন সরকারের আলোচনা প্রত্যাখ্যান করেছেন এবং সরাসরি আলোচনা শুরু হওয়ার আগে অবশ্যই পূরণ করতে হবে এমন পাঁচটি শর্তের রূপরেখা দিয়েছেন।
তিনি বলেন, ‘স্থল, সমুদ্র ও আকাশপথে আগ্রাসন বন্ধ করা, দখলকৃত অঞ্চল থেকে ইসরাইলের প্রত্যাহার, বন্দীদের মুক্তি, জনগণের তাদের সমস্ত গ্রাম ও শহরে প্রত্যাবর্তন এবং পুনর্গঠন।’
কাসেম বলেন, লেবাননের কর্তৃপক্ষের উচিত বিদেশি চাপের কাছে নতি স্বীকার না করে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে অভ্যন্তরীণ সংলাপ এগিয়ে নেওয়া।
কাসেম অস্ত্র ত্যাগ না করার এবং লেবানন ও তার জনগণের জন্য আমাদের আত্মরক্ষামূলক প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
তিনি বলেন, আমরা ইসরায়েলি আগ্রাসনের জবাব দেব এবং এর মোকাবিলা করব। শত্রু যা-ই হুমকি দিক না কেন, আমরা পিছু হটব না, আমরা মাথা নত করব না, আমরা পরাজিত হব না।
সূত্র: আলজাজিরা, মিডল ইস্ট আই।