Image description

হরমুজ প্রণালিতে ইরানের সামরিক বাহিনীর পেতে রাখা সব মাইন সরাতে অন্তত ৬ মাস সময় লাগতে পারে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের বিশেষ এক প্রতিবেদনে জানানো হয়, গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসকে দেওয়া ব্রিফিংয়ে পেন্টাগন এই তথ্য জানিয়েছে।

বর্তমানে ইরান এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ চলমান থাকায় এই মাইন অপসারণ কার্যক্রম শুরু করা প্রায় অসম্ভব। পেন্টাগনের এই মূল্যায়ন ইঙ্গিত দিচ্ছে, বর্তমান সংঘাতের অর্থনৈতিক প্রভাব চলতি বছরের শেষ নাগাদ বা তার পরও স্থায়ী হতে পারে।

মার্কিন হাউস আর্মড সার্ভিসেস কমিটির এক গোপন সভায় মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ইরান হরমুজ প্রণালি ও এর আশপাশে ২০টি বা তারও বেশি মাইন পেতে রেখেছে। কর্মকর্তারা আরও জানান, কিছু মাইন জিপিএস প্রযুক্তির মাধ্যমে দূরে ভাসিয়ে দেওয়া হয়েছে, যার ফলে মার্কিন বাহিনীর পক্ষে সেগুলো শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক এই জলপথ বন্ধ থাকায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে তেলের দামের এই ঊর্ধ্বগতি দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে গভীর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।