ভারতের উত্তরাখণ্ডে চারধাম যাত্রা শুরুর পর একটি বিতর্কিত সিদ্ধান্ত সামনে এসেছে। গঙ্গোত্রী মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, অ-হিন্দু দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ করতে হলে ‘পঞ্চগব্য’ পান করতে হবে, যার একটি প্রধান উপাদান গোমূত্র।
মন্দির কমিটির দাবি, এই নিয়মের মাধ্যমে ধর্মীয় পবিত্রতা বজায় রাখা এবং সনাতন ধর্মের প্রতি দর্শনার্থীদের সম্মান নিশ্চিত করা হবে। তাদের মতে, এটি প্রাচীন ধর্মীয় আচার-অনুশীলনের অংশ, যা দীর্ঘদিন ধরে প্রচলিত।
পঞ্চগব্য মূলত গরুর দুধ, দই, ঘি, গঙ্গাজল, গোমূত্র ও গোবরের মিশ্রণ। যমুনোত্রী মন্দির কমিটির এক মুখপাত্র জানান, সনাতন ধর্মীয় আচার-অনুষ্ঠানে এই উপাদানের বিশেষ গুরুত্ব রয়েছে। এছাড়া, ধর্মীয় অনুশাসনের প্রতি অনাগ্রহী ব্যক্তিদের ভিড় নিয়ন্ত্রণ করাও এ সিদ্ধান্তের একটি কারণ বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটি (বিকেটিসি) সম্প্রতি অ-হিন্দুদের প্রবেশে কড়াকড়ি আরোপের প্রস্তাব অনুমোদন করেছে। কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানান, দেবভূমির ধর্মীয় বৈশিষ্ট্য রক্ষায় এমন পদক্ষেপ জরুরি। নতুন নিয়ম অনুযায়ী, দর্শনার্থীদের নিজেদের ধর্মীয় পরিচয় ঘোষণা করে বিশেষ নথি জমা দিতে হতে পারে।
তবে চারধামের অন্য অংশে কিছুটা ভিন্ন চিত্রও দেখা যাচ্ছে। যমুনোত্রী মন্দির কর্তৃপক্ষ ‘অতিথি দেবো ভব’ নীতিতে বিশ্বাস রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব দর্শনার্থীকে স্বাগত জানানোর অবস্থান নিয়েছে।
উল্লেখ্য, চারধাম যাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থযাত্রা, যা বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী—এই চারটি পবিত্র স্থানের সমন্বয়ে গঠিত। তবে সাম্প্রতিক এই সিদ্ধান্তগুলো ঘিরে ইতোমধ্যে সামাজিক ও আইনি মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
শীর্ষনিউজ